বাউন্সারে লুটালেন স্মিথ, আর্চারের হাসিতে সমালোচনার ঝড়

লর্ডস টেস্টে চলছে জমজমাট লড়াই। তবে ব্যাট-বলের রোমাঞ্চের মাঝে হঠাৎই আতঙ্ক ভর করল। ইংল্যান্ড পেসার জফরা আর্চারের বাউন্সারে মাটিতে লুটালেন স্টিভেন স্মিথ।

খুব বাজেভাবে বলটা তার কানের কাছে আঘাত করে। যে অংশটায় হেলমেটের নিরাপত্তা বেস্টনিও থাকে না। মারাত্মকভাবে আহত হয়ে স্মিথকে মাঠ ছাড়তে হয়।

তবে আতঙ্ক ছড়ানো এই দৃশ্যের মাঝে নেতিবাচক কাণ্ড করে বসলেন বোলার জফরা আর্চার। স্মিথ যখন মাটিতে লুটিয়ে, তখন একবারও ব্যাটসম্যানের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।

স্মিথের আঘাত গুরুতর কিনা তা না দেখেই ফিরে যান বোলিং প্রান্তে। এমনকি এ সময় পাশে দাঁড়ানো সতীর্থের সঙ্গে হাসতে দেখা যায় তাকে। হাসছিলেন জস বাটলারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় বাইছে।

লর্ডস টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ইনিংসের ৭৬তম ওভারে ঘটে ঘটনাটি। স্মিথ তখন ৮০ রান নিয়ে ব্যাট করছেন। আর্চারের ওভারের প্রথম বলটিতে একটি বাউন্ডারি হাঁকান স্মিথ। পরের বলেই বাউন্সারের ছোবলে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘণ্টায় ৯২.৪ মিটার গতির সেই বলটির আঘাতে যেভাবে তার কানের কাছে আঘাত করেছে, তাতে আরেকটু হলেও মারাত্মক কিছু হতে পারত। স্মিথকে ওই আঘাতে মাঠও ছাড়তে হয়েছে। তিনি মাঠ ছাড়ার পর পিটার সিডল মাঠে নামেন। পরে সিডল ফিরলে ফের স্মিথ ব্যাট করতে নামেন।

ব্যাটসম্যান এমন মারাত্মক আহত হওয়ার পরও বোলার আর্চারের এই কাণ্ডকে স্কুল বালকের আচরণ বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা। বিশেষ করে ব্যাটসম্যান ঠিক আছেন কিনা তা না দেখে বোলিং প্রান্তে ফিরে।

স্মিথ পরে ব্যাটিংয়ে ফিরে ব্যক্তিগত ৯২ রানে আউট হন। আর্চারের আঘাতের আগেই অ্যাশেজে টানা ৭ ইনিংসে ফিফটি ছোঁয়া স্কোর করে ইতিহাস গড়েন।