বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি কয়লার প্রথম জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়বে চলতি মাসেই। জাহাজটি বন্দরে আসার মধ্য দিয়ে আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এই কয়লা আমদানি করা হচ্ছে। আগামী ডিসেম্বরে কেন্দ্রটির উৎপাদন শুরুর কথা রয়েছে। এজন্য আগে থেকেই কয়লার মজুদ গড়ে তোলা হবে।
দেশে এখন শুধু বড়পুকুরিয়ায় কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন হয়। তবে সেই কয়লা বড়পুকুরিয়া খনির। এবারই প্রথম দেশে আমদানি করা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বলা হচ্ছে, এটি দেশের জন্য নতুন এক অভিজ্ঞতা। শুরুটা পায়রা বিদ্যুৎকেন্দ্র দিয়ে হলেও ধারাবাহিকভাবে উৎপাদনে আসার কথা রয়েছে রামপাল ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের। এ ব্যাপারে বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম সাংবাদিকদের বলেন, ৩০ আগস্ট পায়রাতে আমাদের প্রথম কয়লার জাহাজ আসবে। সেই কয়লা দিয়ে কেন্দ্রটি চালানো হবে।
বিসিপিসিএল কর্মকর্তারা জানান, ডিসেম্বরে বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। তবে এর আগেই কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। কেন্দ্রটির নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে বিসিপিসিএল।