গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় নাছরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী মনসুর আলমকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বরুমচড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী নাছরিন আক্তারের সঙ্গে ফেইসবুকে সম্পর্ক হয় মনসুর আলমের। গত ৩ মার্চ নাছরিন বিদেশ থেকে মনসুরের বাড়িতে আসেন। পরদিন তাদের বিয়ে হয়। গত শুক্রবার দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সন্ধ্যায় মনসুর নাছরিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাছরিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে মতলব থানা সূত্রে জানা যায়, নাছরিন আক্তারের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার বালুচর গ্রামে। তার বাবার নাম আবুল হাশেম মুন্সি।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, শনিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।