খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কনস্টেবলদের বার্ষিক ফায়ারিংয়ের স্থান থেকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমানের বাসার জানালার গ্লাসে গুলি লেগেছে। গতকাল রবিবার দুপুরে ‘ফায়ারিং বাট’ থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি জানালার গ্লাস ভেদ করে বাসার ফ্যানে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নগরীর শিরোমনি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধ্যে ‘ফায়ারিং বাট’-এ মেট্রোপলিটন পুলিশ সদস্যদের বার্ষিক ফায়ারিং চলছে। রবিবার দুপুর আড়াইটার দিকে পুলিশ কনস্টেবলদের ফায়ারিং চলার সময় একটি রাইফেলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী কেডিএ আবাসিক এলাকার ৬৫ নম্বর বাড়ির দোতলার জানালার গ্লাস ভেদ করে সিলিং ফ্যানে গিয়ে লাগে। পরে তারা গিয়ে গুলিটি উদ্ধার করেন।