বাস-ট্রেনের টিকিট না পেয়ে বিপাকে ভারতফেরত যাত্রীরা

বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী দূরপাল্লার বাস ও ট্রেনের টিকিট না পেয়ে ভারত ফেরত যাত্রীরা পড়েছেন বিপাকে। যারা আগাম টিকিট পেয়েছেন তারা ফিরতে পারলেও অন্যরা বাস ও ট্রেনের কাউন্টারে  টিকিটের অপেক্ষায় রয়েছেন ঘণ্টার পর ঘণ্টা। কোনো দূরপাল্লার বাসে কোনো টিকিট নেই। নারী শিশু ও বৃদ্ধ যাত্রীদের কাউন্টারের বিশ্রামাগারে অপেক্ষা করতে দেখা গেছে।

গতকাল রবিবার দেখা গেছে, অনেকে ঢাকার পথে সরাসরি বাস না পেয়ে লোকাল বাসে যশোর যাচ্ছেন। সেখান থেকে নানা কৌশলে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ভোগান্তির মধ্যে অনেক যাত্রী আবার ‘বাড়তি ভাড়া’ নেওয়ার অভিযোগ তুলেছেন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ঈগল পরিবহনের ম্যানেজার এম আর রহমান রাসু জানান, আমাদের টিকিট সব অনলাইনে বিক্রি হয়ে গেছে। রবিবারের জন্য কিছু টিকিট থাকলেও তাও শেষ হয়ে গেছে।