আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় গত শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাবুলের পশ্চিমের শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে ওই হামলা হয়। এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট। তবে জঙ্গিদল তালেবান এ হামলায় নিন্দা প্রকাশ করেছে।
হামলার কয়েক ঘণ্টা পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কমিউনিটি হলের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিয়ের অতিথি মোহাম্মদ ফারহাজ বিবিসিকে বলেন, ‘কমিউনিটি হলে তিনি নারী অতিথিদের বসার জায়গায় ছিলেন। ওই সময় হঠাৎ করেই পুরুষ অতিথিদের বসার জায়গায় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। সবাই চিৎকার করে ও কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়ার জন্য দৌড়াতে থাকেন। বিস্ফোরণের ২০ মিনিট পরও পুরো হল ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। ওই সময় পুরুষদের বসার জায়গায় যারা ছিলেন তাদের সবাই হয় নিহত বা আহত হয়েছেন। দুই ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো হল থেকে মৃতদেহ বের করা হচ্ছে।’
দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা চলছে। শান্তি ফিরিয়ে আনার পথরেখা তৈরির ওই আলোচনার মধ্যেই দেশটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি আত্মঘাতী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত’ হামলা আখ্যা দেন।
সপ্তাহ তিনেক আগে কাবুলে একটি পুলিশ স্টেশনে তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত ও ১৪৫ জন আহত হন।