লর্ডস টেস্টে স্টিভেন স্মিথের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে খেলতে নেমে ইতিহাস গড়েছেন মারনুস লাবুসচাগনে। ইংলিশ পেসার জফরা আর্চারের বাউন্সারে আহত হয়ে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি স্মিথ। তার বদলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন লাবুসচাগনে। তবে আর্চারের মরণ বাউন্স ছোবল দিয়েছিল ২৫ বছর বয়সী লাবুসচাগনেকেও।
আর্চারের দেড় শ কিলোমিটার বেগের বলটি স্মিথরে ঘাড়ে আঘাত করে। যে আঘাতটা ছিল গুরুতর। আর বদলি নামা লাবুসচাগনের হেলমেটে লাগে আর্চারের বাউন্সারটি। তাই নিরাপদই ছিলেন তিনি।
স্মিথের ঘাড়ে মারাত্মক বাউন্সারটি আছড়ে পড়লেও ব্যাটসম্যানের কাছে না গিয়ে সমালোচিত হন বোলার আর্চার। লাবুসচাগনের হেলমেটে লাগার পর ইংরেজ ফিল্ডাররা ছোটে যান। এবার আর্চার অবশ্য কিছুটা কাছে গিয়েছিলেন। যদিও লাবুসচাগনে ঠিক আছেন কিনা এমন কিছু জিজ্ঞেস করেননি। ফিরে যান বোলিং মার্কে।
স্মিথের বদলি নেমে অবশ্য লাবুসচাগনে দলের মান রেখেছেন। ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। বিপদের শঙ্কা জাগলেও তার ইনিংসে ভর করে লর্ডস টেস্ট ড্র করে অজিরা। অ্যাশেজের প্রথম দুই টেস্ট পর এখন ১-০ তে এগিয়ে রয়েছে অতিথিরা। আহত স্মিথ পরের টেস্টে খেলতে পারবেন বলে আশা করছে অজি টিম ম্যানেজমেন্ট।