সোনা চোরাচালান মামলায় দুজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা গ্রামের মহিউদ্দিন খানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কালুরগা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪০)। তারা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ জুন সকালে ভারত যাওয়ার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে নুরুল ও মাসুদকে আটক করেন শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯টি সোনার বার ও ১০টি খণ্ডিত সোনার টুকরা জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি ২৭৮ গ্রাম এবং বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে তাদের আসামি করে দামুড়হুদা থানায় মামলা করেন। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই আশরাফুল ইসলাম ওই বছরের ৩১ জুলাই নুরুল ও মাসুদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।