প্রশংসিত ১০ ঈদের নাটক

এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে নানা রকম আয়োজন ছিল টেলিভিশন চ্যানেলগুলোতে। তার মধ্যে বেশি ছিল নাটক। টিভিতে প্রচারের পর সেই নাটকগুলো এখন ইউটিউবে দেখছেন দর্শক। ইউটিউবে দর্শক বেশি দেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসিত দশটি নাটক নিয়ে এ আয়োজন...

আশ্রয় : খুব পরিচিত একটা গল্প। মনে হবে আমাদের চারপাশেই ঘটছে এই ঘটনা। তবে উপস্থাপনায় কিছুটা ব্যতিক্রম ছিল। নাটকে তাহসান খানের বাবা মোশাররফ করিম। তবে আপন বাবা নয়, বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসা বাবা। সেই বাবার আশ্রয়ে থাকার গল্প নিয়ে নির্মিত ‘আশ্রয়’ নাটক। তাহসান-তিশা, মোশাররফ করিম-মম একসঙ্গে যে নাটকে রয়েছেন সেটা তো দর্শকের কৌতূহলের কারণ হবেই। ইউটিউবে সে কৌতূহলই মেটাচ্ছেন দর্শক। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটকটি ইউটিউবে সাড়া ফেলছে বেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি দেখার পর প্রশংসাও করছেন। ১৩ আগস্ট ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করার পর ৫ দিনে ১০ লাখ বার দেখেছেন দর্শক।

লেডি কিলার ২ : এ বছরের ঈদুল ফিতরে জনপ্রিয় জুটি তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশার নাটক ‘লেডি কিলার’ বেশ জনপ্রিয়তা পায়। তিশাকে রোমান্টিক ইমেজ ভেঙে একজন মারদাঙ্গা নারীর চরিত্রে বেশ পছন্দ করেন দর্শক। এ ঈদে তাদের নিয়েই নাটকটির সিক্যুয়েল করেছেন নির্মাতা বান্নাহ। এ নাটকটিও দর্শকপ্রিয়তা পেয়েছে ইউটিউবে প্রকাশের পর। চার দিনে সাড়ে ৬ লাখ ভিউ নাটকটির।

সাবলেট : পুরনো প্রেমিক স্ত্রী-সন্তান নিয়ে থাকছিলেন বাসাভাড়া করে। সেই বাসাতেই সাবলেট হিসেবে ওঠেন পুরনো প্রেমিকা। সেটা প্রেমিকের অজান্তে। তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। দেখা হওয়ার পর চমকে যান দুজন। হাতড়ে ফেরে পুরনো সব স্মৃতি। দুটি মানুষ চাপা কষ্ট নিয়ে চলতে থাকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সাবলেট’। অপূর্ণ রুবেলের গল্পে নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন অপূর্ব, পূর্ণিমা, ফেরদৌস, মম ও সাহানা মুন্নি। বাংলাভিশনে প্রচারের পর নাটকটি সিডি চয়েসের ইউটিউবে প্রকাশ করা হয়ে। দু’দিনে নাটকটি ৬ লাখের কাছাকাছি বার দেখেন দর্শকরা।

লাইফ ইন্স্যুরেন্স : মিথিলা ও অপূর্বকে নিয়ে আরিয়ান নির্মাণ করেছেন ‘লাইফ ইন্স্যুরেন্স’ নাটকটি। এটিও প্রশংসায় ভাসছে। এর গল্প ও নির্মাণশৈলিতে মুগ্ধ হয়েছেন দর্শক। নাটকটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে পাঁচ দিনে চার লাখেরও বেশি ভিউ হয়েছে।

ব্যাচেলর ঈদ : ইউটিউবে ভিউয়ের বিচারে বেশ এগিয়ে আছে নাটক ‘ব্যাচেলর ঈদ’। কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকটি ইউটিউবে ছয় দিনে ৩০ লাখেরও বেশি ভিউ হয়েছে। তবে নাটকটির গল্প নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। সমালোচনা উতরে দর্শক ভিউ নাটকটিকে জনপ্রিয়তার তালিকায় রেখেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ, মিশু সাব্বির, শামীম, পলাশ ও চাষি।

উবার : বাবা চাকরি করে সংসার চালান। ভালোভাবেই চলে যায় সংসার। কিন্তু পরিবারের সদস্যদের কোনো শখ পূরণ করতে গেলেই বাধে বিপত্তি। বাড়তি খরচের টাকা থাকে না বাবার কাছে। এদিকে মেয়ের ভার্সিটিতে যাতায়াতে অসুবিধা হওয়ায় স্কুটি কেনার বায়না ধরে। মেয়ের বায়না পূরণ করতেই চাকরির পাশাপাশি অ্যাপসভিত্তিক সেবা গাড়ি চালাতে নেমে পড়েন। কিন্তু মেয়ে বাবার ভালোবাসা বুঝতে পারে না। অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়। সেটা আবার বাবার ট্যাক্সিক্যাবে চড়েই, যে গাড়িতে বসেই বাবার নামে নানা কথা বলে। ঘটে ভিন্ন ঘটনা। ইমোশনার এমন একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘উবার’। যাতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবিলা নূর ও তৌসিফ। ইউটিউবে প্রকাশের তিন দিনের মাথায় প্রায় সাড়ে তিন লাখ ভিউ হয়েছে।

গোলাপি কামিজ : ইউটিউবে ছয় দিনে ‘গোলাপি কামিজ’ ভিউ হয়েছে প্রায় ২০ লাখ। অপূর্ব-মেহজাবিন জুটির নাটকটিতে মধ্যবিত্ত পরিবারের টানাপড়েনের নানা চিত্র উঠে এসেছে। অতিপরিচিত গল্প হলেও উপস্থাপনায় ভিন্নতা থাকায় দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি।

ফ্রাইডে লাভ : সংগীতশিল্পী-অভিনেতা তাহসান এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বেশ কিছু নাটকে অভিনয় করছেন একসঙ্গে। ঈদুল আজহায় এ জুটির ‘ফ্রাইডে লাভ’ নাটকটিও প্রশংসিত হচ্ছে বেশ। এটি রচনা-পরিচালনা করেছেন তপু খান। আরটিভিতে প্রচার হওয়ার পর নাটকটি আরটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। দুদিনে দুই লাখেরও বেশি ভিউ হওয়া এ নাটকটির গল্প দর্শক প্রশংসায় ভাসছে।

যমজ ১২ : প্রতি ঈদেই প্রচার হচ্ছে মোশাররফ করিম অভিনীত নাটক ‘যমজ’। নাটকটিতে বাবা ও তার দুই ছেলের চরিত্রে মোশাররফ করিম নিজেই অভিনয় করেছেন। ফলে প্রতি ঈদেই নাটকটি দেখতে অপেক্ষায় থাকেন দর্শকরা। ভালো-মন্দ বিচার করা হয় না তেমন। এবার প্রচার হলো ‘যমজ’ নাটকের ১২তম সিক্যুয়েল। ইউটিউবে এ নাটকটিও দেখছেন দর্শক। ইউটিউবে প্রকাশের দুদিন পার হতে না হতেই আজাদ কালাম পরিচালিত নাটকটি ১০ লাখ ভিউয়ার ছাড়িয়ে গেছে। যমজ ১২তে এবার যোগ হয়েছেন নীলাঞ্জনা নীলা।

এনায়েত : আফরান নিশো ও মেহজাবিন জুটিকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এনায়েত’। ভিন্নধারার গল্পের নাটক এটি। ১৯ আগস্ট সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা মাত্রই প্রশংসায় ভাসতে থাকে নাটকটি।

নাটকগুলো ছাড়াও ঈদের নাটক-টেলিছবিগুলোর মধ্যে নির্মাতা সাগর জাহানের ‘মায়া সবার মতো হয় না’, অনিমেষ আইচের ‘ফেরা’, ইফতেখার আহমেদ ফাহমির ‘কিংকর্তব্যবিমূঢ়’, মিজানুর রহমান আরিয়ানের ‘কেস ৩০৪০’ ও ‘রঞ্জনা আমি আবার আসব’, মারুফ মিঠুর ‘সেই রকম বাকী খোর’, মহিদুল মহিমের ‘প্রশংসায় পঞ্চমুখ’, আশফাক নিপুণের ‘এই শহরে’ ও ‘ফেরার পথ নেই’সহ বেশ কিছু নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।