রাজধানীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসার ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামের কামাল হোসেনের ছেলে সাব্বির বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

চাচা জামাল উদ্দিন জানান, পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার স্বামীবাগের একটি তিনতলা বাড়িতে থাকত সাব্বির। সকালে অজানা কারণে সে ছাদে ওঠে। কিছুক্ষণ পর নিচে হইচইয়ের শব্দ পেয়ে গিয়ে সাব্বিরকে রক্তাক্ত অবস্থায় দেখি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গেন্ডারিয়া থানার এসআই উত্তম জানান, সাব্বিরের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।