ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার আলী সাহারদী এলাকায়।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারেও ভুগছিলেন বলে জানা গেছে। শেষ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ রশীদ বলেন, গত রবিবার রাত নয়টার দিকে ফাতেমা আক্তার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে দীর্ঘদিন যাবৎ তিনি লিউকেমিয়া রোগী ছিলেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ দেশ রূপান্তরকে জানান, মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ নিয়ে নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারী ও শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।