জয়পুরহাটে চঞ্চল হোসেন শাকিল (৩৬) নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের গুলশান মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নওগাঁর মান্দা উপজেলার জাফরাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গুলশান মোড় এলাকার এক গৃহবধূর সঙ্গে মোবাইল ফোনে চঞ্চল নামে ওই যুবকের পরিচয় হয়। সে নিজেকে বিজিবির ল্যান্স নায়েক ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা পরিচয় দেয়। ওই নারীর স্বজনদের মধ্যে থেকে কাউকে বিয়ে করবে বলে জানায় সে। সোমবার বিকেলে ওই বাড়িতে মিষ্টি নিয়ে যায় চঞ্চল। ঘণ্টাখানেক অবস্থানের পর বাড়ির সদস্য ও এলাকাবাসীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিজিবির আইডি কার্ড দেখাতে বলা হয়। কিন্তু সে দেখাতে পারেনি। পরে পুলিশ রাত ৯টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওই নারীর ভাতিজির সঙ্গে চঞ্চলের বিয়ে হওয়ার কথা ছিল বলে জানায় এলাকাবাসী। জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন জানান, বিজিবির পরিচয়ে প্রতারণার অভিযোগে চঞ্চলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।