রাজশাহীর চারঘাট উপজেলায় গোপন বৈঠক থেকে দুই নারীসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, গত সোমবার বিকেলে উপজেলার বামনদীঘি গ্রামের শিবির নেতা ইয়ামিন সরকারের বাড়িতে গোপন বৈঠকে বসেন জামায়াত-শিবিরের ওই এলাকার নেতাকর্মীরা। এ সময় সেখানে অভিযান চালিয়ে ইয়ামিন, ইউসুফ আলী, সবুজ ইসলাম, মোরশেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাসিবুল হাসান, সাদিয়া আক্তার মীম ও ফাতিমা মনিকাকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে সরকারবিরোধী লিফলেট ও সাংগঠনিক বইপত্র এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ সুপার জানান, ইয়ামিন নতুন করে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংগঠিত করছিল। সে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক নামে গ্রুপ খুলে যোগাযোগ করত। সেখানে সরকারবিরোধী বিভিন্ন ধরনের উসকানিমূলক আলাপ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা হয়েছে।