বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জাসহ বেশ কিছু খাতে খরচ কমাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাতে ৫০ লাখ টাকার বেশি দরে মোটরকার ও ১ কোটি টাকার বেশি মূল্যের জিপ গাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অফিস স্পেস ভাড়া বা ইজারা নেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারদরে ভাড়া নিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনার ওপর আমানতকারী ও শেয়ারহোল্ডারদের আস্থা অক্ষুণœ রাখার স্বার্থে ব্যাংকের বিভিন্ন খাতে ব্যয়ে সাশ্রয়ী মনোভাব পোষণ বিশেষভাগে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ব্যাংকের আয় বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। একই সঙ্গে ব্যবসা প্রসারে সুদ, চার্জ ফি প্রতিযোগিতামূলক করার সক্ষমতা বাড়ায়।
এতে আরও বলা হয়েছে, সম্প্রতি কোনো কোনো ব্যাংকে নানাবিধ উচ্চ ব্যয় নির্বাহের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ব্যাংকের অর্থে সম্পদ কেনা ও অফিস স্পেস ভাড়ার ক্ষেত্রে উচ্চ ব্যয়, পর্ষদ চেয়ারম্যান, পরিচালক, প্রধান নির্বাহী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার জন্য বিলাসবহুল মোটরগাড়ি কেনা, ব্যাংক শাখার সাজসজ্জায় উচ্চ ব্যয়, ব্যাংকের গাড়ির যথেচ্ছ ব্যবহার, ঢাকার বাইরে পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ ব্যয় নির্বাহ, বিজনেস ডেভেলপমেন্টের নামে বাহুল্য খরচ, বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ের নামে অতিরিক্ত ব্যয়, বিলাসী আপ্যায়ন, যথেচ্ছ স্টেশনারি হচ্ছে।
এসব খাতে বাড়তি খরচের প্রবণতা নিরুৎসাহিত করতে অনুশাসন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের ধারণ করা স্থাবর সম্পদের মোট পরিমাণ (বুক ভ্যালু) ব্যাংকটির পরিশোধিত মূলধনের শতকরা ৩০ ভাগে সীমাবদ্ধ রাখার নির্দেশনা পরিচালন করতে হবে। অফিস স্পেস ভাড়া ও ইজারা নেওয়ার ক্ষেত্রে প্রকৃত বাজারদর যাচাই করে প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ করতে হবে।
নির্দেশনায় ৫০ লাখ টাকার বেশি দরের মোটরগাড়ি ও ১ কোটি টাকার বেশি দরের জিপ গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছে, রেমিট্যান্স বহনের কাজে বিভিন্ন নিরাপত্তা সংস্থার ব্যবহৃত নিরাপত্তা যানবাহনের অনুরূপ গাড়ি কেনা যাবে।
ব্যাংকের অর্থে কেনা গাড়ির বহরে যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে জনবল ও অফিস বা শাখার সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে হবে। দেশীয়ভাবে সংযোজনকারী প্রতিষ্ঠান থেকে গাড়ি কেনার মাধ্যমে এ খাতে ব্যয়ের বার্ষিক প্রবৃদ্ধি শতকরা ১০ ভাগের মধ্যে সীমিত রাখতে হবে।
সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন অন্তত ৫ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে। অন্য কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে লিজ ফাইন্যান্সিং সুবিধা নিয়ে কোনো গাড়ি কিনতে পারবে না। ব্যাংকের চেয়ারম্যান বাদে আর কোনো পরিচালক ব্যাংকের টাকায় কেনা গাড়ি ব্যবহার করতে পারবেন না। ব্যাংকের প্রাধিকারভুক্ত কর্মকর্তা বাদে অন্যরা ব্যাংকের টাকায় কেনা গাড়ি ব্যবহার করতে পারবেন না।
সাজসজ্জার ব্যয় সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে, শহরে শাখার জন্য ৬ হাজার বর্গফুট ও পল্লীতে ৩ হাজার বর্গফুট আয়তনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ভল্ট স্থাপন, ইন্টেরিয়রের জন্য প্রতি বর্গফুটে ১৮৫০ টাকার অধিক খরচ করা যাবে না।