মোদি ও ইমরানকে উত্তেজনা কমানোর আহ্বান ট্রাম্পের

কাশ্মীর নিয়ে উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার টেলিফোনে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে এএফপি।

ফোনালাপ প্রসঙ্গে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘আমার দুই ভালো বন্ধু ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী খানের সঙ্গে কথা বললাম। বাণিজ্য, কৌশলগত অংশীদারত্ব এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে ভারত ও পাকিস্তানকে কাশ্মীরে উত্তেজনা হ্রাসের জন্য কাজ করতে বললাম। কঠিন পরিস্থিতি, কিন্তু ভালো আলাপ হয়েছে!’  

ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে বলেছেন যে ভারতের বাণিজ্যমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ফের আলোচনায় বসবেন বলে আশা করছেন তিনি। ট্রাম্প ও মোদির মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসি।

হোয়াইট হাউজ বলেছে, ‘বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র-ভারতের অর্থনৈতিক মিত্রতা কীভাবে আরও জোরদার করার দিকে এগিয়ে নিতে পারেন তা নিয়ে ফের আলোচনা করেছেন দুই নেতা এবং তারা শিগগিরই আবার দেখা করার প্রত্যাশা করছেন।’

কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে ‘উত্তেজনা ও বাদানুবাদ কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার’ জন্য ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও কথা বলেছেন বলে বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। পরিস্থিতির আরও অবনতি এড়ানোর প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে উভয় পক্ষকে সংযত হওয়ারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের ফোনালাপ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ও খান বাণিজ্য ও অর্থনৈতিক মিত্রতা জোরদার করতে একসঙ্গে কাজ করার বিষয়েও সম্মত হয়েছেন।