মাদ্রাসাছাত্রী শিশুসহ ধর্ষণের শিকার ৯ জন

বাগেরহাটের শরণখোলায় উত্তর খোন্তাকাটা রাশিদিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ি মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. ইলিয়াছ জমাদ্দার (৪৮)। ঘটনার ১২ দিন পর গত সোমবার রাতে ওই মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর থেকে মাদ্রাসা সুপার পলাতক। গতকাল মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে শিশুকে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। মামলার এজাহারে বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৮ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে উত্তর খোন্তাকাটা রাশিদিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ি মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াছের কাছে পড়তে যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। এ সময় ওই শিক্ষক তাকে মাদ্রাসার অফিসকক্ষে ডেকে নেয় এবং আটকে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পৌঁছে দেয়। শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, ওই মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে দল বেঁধে ধর্ষণ : সোনারগাঁয়ের মোগরাপাড়ায় এক নৃত্যশিল্পী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন। গত সোমবার দুপুরে একটি বার্ষিক স্টেজ প্রোগ্রামে অংশ নেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই নৃত্যশিল্পী। এ ঘটনায় তিনি পাঁচজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। পরে মাহমুদুল হাসান হিমেল, সফিকুর ইসলাম রনি ও মো. সজীব নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, সোনারগাঁয়ের সূচারগাঁও গ্রামের মাহমুদুল হাসান হিমেল (২৩) পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই নৃত্যশিল্পীকে স্টেজ প্রোগ্রামে অংশ নেওয়ার কথা বলে ৬ হাজার টাকায় কন্ট্রাক্ট করে। গত সোমবার বেলা ১১টার দিকে ওই নৃত্যশিল্পী সহশিল্পী মামুন ও স্বামীকে নিয়ে ঘটনাস্থলে আসেন। ড্রেস চেঞ্জ ও মেকআপ করার কথা বলে হিমেল ওই নৃত্যশিল্পীকে তার বাড়িতে যেতে বলেন। সেখানে যাওয়ার পথে কাশবনের ভেতর হিমেল, রনি (২৪), সজীব (২০), সানজিদ (২০) ও সিয়াম (২২) মিলে তাকে ধর্ষণ করে।

মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণ : মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রুবেল ও মাসুদ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা দুই কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই কিশোরীর অভিযোগ, গত সোমবার সন্ধ্যায় শহরের ট্রলারঘাট এলাকা থেকে গ্রামের বাড়ি জাফরাবাদ এলাকায় পৌঁছে দেওয়ার কথা বলে দুই কিশোরীকে নৌকায় তুলে ওনওয়া হয়। রাতে এক কিশোরীকে নৌকায় এবং অন্য কিশোরীকে নদীপাড়ের একটি গরুর খামারে নিয়ে ধর্ষণ করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মমিনপাড়ায় চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জয়দেব (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে নয়াগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়দেব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কলোনিপাড়ার শ্রী চমৎকারের ছেলে। সে নয়াগোলার মমিনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত।

ধর্ষণের অভিযোগে প্রবাসফেরত যুবক গ্রেপ্তার : ঝালকাঠির রাজাপুরে এক কিশোরী গৃহপরিচারিকাকে (১৪) ধর্ষণের অভিযোগে বেলাল হাওলাদার (৩৫) নামে এক প্রবাসফেরত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ধর্ষিতা কিশোরীর অভিযোগের ভিত্তিতে বেলালকে আটক করেছে পুলিশ। বেলাল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। তার বাড়ি পাকাপুল এলাকায়।

মামলার বিবরণে জনা যায়, বেলালের ঘরে দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করত ওই কিশোরী। এই সুযোগে দরিদ্র পরিবারের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল বেলাল। কয়েকদিন আগে বিয়য়টি নিয়ে এলাকায় জানাজানি হলে বেলালকে বিয়ের জন্য চাপ দেয় ধর্ষিতা কিশোরী। পরে কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে হুমকি দেয় বেলাল। গত সোমবার রাতে ওই কিশোরী রাজাপুর থানায় মামলা করে।

পার্বতীপুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার : দিনাজপুরের পার্বতীপুরে স্কুলছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। সে উত্তর শালন্দার হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সকালে অভিযান চালিয়ে আল আরাফাত ওরফে ছোয়াত (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরজি সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দোয়ানিয়া সরকারপাড়া গ্রামের আরাফাত ওরফে ছোয়াত প্রতিবেশীর লিচুবাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

শেরপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ : শেরপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সকালে শহরের গৃর্দ্দানারায়ণপুর মহল্লার একটি বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল আসামি পলাশ পোদ্দার পলাতক। ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় তিনজনের বিরুদ্ধে গতকাল মামলা করেছেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ছাত্রীর মা স্থানীয় একটি ক্লিনিকে সেবিকার কাজ করেন। ছাত্রীটি তার মায়ের সঙ্গে শেরপুর শহরের গৃর্দ্দানারায়ণপুর মহল্লায় একটি ভাড়া বাসায় থাকে। মায়ের অনুপস্থিতিতে একই বাসার ভাড়াটিয়া সোহানুর রহমান ও মৌসুমি আক্তার দম্পতির সহযোগিতায় পলাশ পোদ্দার নামে এক ব্যক্তি ছাত্রীর বাসায় প্রবেশ করে চাকুর ভয় দেখিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

গফরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ : ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় পাগলার মশাখালী ইউনিয়নের দড়ি চাইরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই গ্রামে মেয়েটিকে ঘরে একা পেয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে একই এলাকার বখাটে যুবক দুলু (২৫)। টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতেই মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।