জঙ্গি অর্থায়ন

শাকিলা ফারজানাসহ ৬১ জনের বিচার শুরু

চট্টগ্রামভিত্তিক কথিত জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার অভিযোগে করা দুই মামলায় বিএনপি নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকার্য শুরু হয়েছে। একই সঙ্গে মামলার মূল আসামি শাকিলাসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালীম শুনানি শেষে এই আদেশ দেন। হাটহাজারী ও বাঁশখালী থানার দুই মামলায় ৬১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল চট্টগ্রামের পিপি মনোরঞ্জন দাশ। তিনি জানান, বিএনপির সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। জামিনে গিয়ে হাজির না হওয়ায় মঙ্গলবার বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। এছাড়া আরও সাতজন এজাহারভুক্ত আসামি শুরু থেকেই পলাতক আছেন। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

তিনি বলেন, হাটহাজারীর মামলায় ৩৩ এবং বাঁশখালীর মামলায় ২৮ জনসহ মোট ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। আগামী ৮ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করেছেন আদালত।

এদিকে শাকিলার আইনজীবী আবদুস সাত্তার বলেন, শাকিলা ফারজানা আদালতে উপস্থিত থাকতে পারেননি। আমরা সময়ের আবেদন করেছিলাম। আদালত সেটা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর মাদ্রাসাতুল আবু বকর (র.)-এ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। পরদিন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এর দুদিন পর বাঁশখালীর লটমণি পাহাড়ে এক জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র থেকে বিপুল অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই বছরের ১৩ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, হাটহাজারী ও লটমণি পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া জঙ্গিরা চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ সদস্য। তদন্তের একপর্যায়ে ওই বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেত্রী শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে। তদন্ত শেষে পরের বছরের মার্চ মাসে র‌্যাব দুই মামলায় শাকিলাসহ ৬১ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তাতে বলা হয়, জঙ্গি অর্থায়নের জন্য মনিরুজ্জামান ওরফে ডনের তিনটি হিসাব নম্বরে আইনজীবী শাকিলা ফারজানা দুই দফায় ২৫ ও ২৭ লাখ টাকা, হাছানুজ্জামান দুই দফায় ১৫ ও ১৬ লাখ টাকা, মাহফুজ চৌধুরী ২৫ লাখ জমা করেন।