সাপের কামড়ে ঘুমন্ত স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে সদর উপজেলার পৈলানপুর গ্রামে বিষধর সাপের কামড়ে সাকিব হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান।

সাকিব হোসেন পৈলানপুর গ্রামের মুকুল মন্ডলের ছেলে ও হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

ওসি মিজানুর রহমান খান জানান, সাকিব মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।