চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল জলিল (২৭) নামে এক যুবককে ১৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার আসামির উপিস্থতিতে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাঁকা দশরশিয়া গ্রামের রজবুল হকের ছেলে।
মামলার বরাত দিয়ে সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের টহল দল শিবগঞ্জ উপজেলার নতুন আলীডাঙ্গা গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আব্দুল জলিলকে আটক করে।
এ ঘটনায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন এসআই মোস্তাকিন হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে শিবগঞ্জ থানার তৎকালীন এসআই গোলাম মোস্তফা আব্দুল জলিলকে অভিযুক্ত করে একই বছরের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করা হয়।