বিদ্যালয়ের চুরি যাওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার: ছাত্রসহ গ্রেপ্তার ৭

পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া ২১টি ল্যাপটপসহ ও একটি মনিটর উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটোয়ারী ও পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল আটোয়ারী উপজেলা সদরের ছোটদাপ গ্রামের তফিজউদ্দীনের ছেলে ও ঢাকার মিরপুর বাংলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সাইদুল ইসলাম (২১), একই উপজেলার ছোটদাপ গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল হাসান নাইসকে (১৯) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে,  ছোটদাপ গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ঠাকুরগাঁও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র ওমর ফারুক পারভেজ (২০), ছোটদাপ গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও স্থানীয় মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসানুর রহমান লাজু (১৯), আটোয়ারীর নলপুকুরী গ্রামের ফাইমুদ্দীনের ছেলে অটোচালক লুৎফর রহমান মানিক (৩০), ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস রয়েল (৪০) ও একই গ্রামের নুর ইসলামের ছেলে মো. রাশেদ (১৯)।

গত ১৫ আগস্ট গ্রিল কেটে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট স্কুলের কম্পিউটার ল্যাব থেকে রাতে ২১টি ল্যাপটপ ও ১টি মনিটর চুরি হয়।

এ ব্যাপারে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম ১৭ আগস্ট আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে আটোয়ারীতে অভিযান চালিয়ে ছোটদাপ গ্রামের সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি থেকে ৬টি ল্যাপটপ ও একটি মনিটর উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য মতে আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৯টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই ঠাকুরগাঁও ডিবি পুলিশের সহায়তায় ঠাকুরগাঁও  থেকে আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, ‘গত ১৫ আগষ্ট পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট স্কুলের কম্পিউটার ল্যাব থেকে রাতে ২১টি ল্যাপটপ ও ১টি মনিটর চুরি হয়। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকায় সাতজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ২১টি ল্যাপটপ ও ১টি মনিটর উদ্ধার করে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

গত ১৮ অক্টোবর ‘দৈনিক দেশ রূপান্তরে’ আটোয়ারীতে বিদ্যালয় ল্যাবের ২১ ল্যাপটপ চুরি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারী থানার উপ পরিদর্শক শাহীনুর রহমান সিদ্দিকী বলেন, আটোয়ারীর আমলী আদালতে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।