ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে হামলায় একটি জেলে পরিবারের নারী ও শিশুসহ নয়জন আহত হয়েছেন। গতকাল বুধবার পৌর এলাকার ভাদুঘরে এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা ওই পরিবারের ঘর ভাঙচুর ও লুটপাট করে। হামলায় আহতরা হলেন কার্তিক বর্মণ (৬৫), কৃষ্ণ বর্মণ (৪৫), সাবিত্রী বর্মণ (৪০), সেতু বর্মণ (৪০), নূপুর বর্মণ (১৭), জবা বর্মণ (১০), ইতি বর্মণ (৬), ঝুমুর বর্মণ (১২) ও পূজা বর্মণ (৫)। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এসে ভুক্তভোগীরা জানান, বাড়ির সীমানায় খুঁটি বসানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকার নুরুল ইসলাম সঙ্গে বুধবার সকাল সাতটার দিকে কার্তিক বর্মণের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে নুরুল ইসলাম ও তার সহযোগীরা কার্তিক বর্মণকে মারধর করে। এ সময় তার ছেলে কৃষ্ণ বর্মণ এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পুনরায় বিকেলে নুরুল ইসলামের লোকজন কার্তিক ও তার পরিবারের লোকদের মারধর, ঘর ভাঙচুর ও লুটপাট করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সেলিম উদ্দিন জানান, এ বিষয়ে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মামলা নেওয়া হবে।