গুলিবিদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে শহরের খাজুরা গ্রাম এলাকা থেকে গতকাল বুধবার গুলিবিদ্ধ অবস্থায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বাদশা হোসেন (৩০)। সে মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি।

অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের পশ্চিম হাসামদিয়া গ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় রাকিবুল মিয়া নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। সিলেটের বিয়ানীবাজার 

 

উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় মিনহাজ হোসেন নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার আটপাড়া উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান মিক্সন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছেÑ এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর আঘাতের চেষ্টা করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে বাদশার পায়ে গুলি লাগে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঈদের দিন সন্ধ্যায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে মুখ বেঁধে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে বাদশা, রুহুল আমীন ও মুন্নু। এরপর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ছাত্রীকে ফেলে পালিয়ে যায় তারা।

ফরিদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের পশ্চিম হাসামদিয়া গ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর রাতেই রাকিবুল মিয়া (১৪) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক পীযূষ কান্তি জানান, পৌর সদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র রাকিবুল মিয়া খাবারের লোভ দেখিয়ে সৌদি প্রবাসীর শিশু কন্যাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করে।

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণের শিকার : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিনহাজ হোসেন (২৪) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মাথিউরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, গত ১৪ আগস্ট স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে মিনহাজ। ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে জানালে প্রথমে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে; পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্রীর বড় ভাই বাদী হয়ে মামলা করেন।

নেত্রকোনায় চার বছরের শিশুকে ধর্ষণ : জেলার আটপাড়া উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান মিক্সন (২৫) নামে এক যুবককে আটক করেছ পুলিশ। উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেঙ্গা গ্রামের মৃত শামীমের ছেলে মিক্সন ধর্ষিতার চাচাত ভাই। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ওই থানার ওসি।

আটপাড়া থানার ওসি আলী হোসেন বলেন, গত ১৯ আগস্ট বিকেলে শিশুটির চাচাত ভাই তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে শিশুর বাবা সিলেটের হবিগঞ্জ থেকে বুধবার (২১ আগস্ট) বাড়িতে এসে থানায় মামলা করেন।

অভিযোগের প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় অভিযুক্ত মিক্সনকে আটক করা হয়েছে। শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।