সেফটি পাইপ ভেঙে বাসের চাকায় পিষ্ট হেলপার

চট্টগ্রামের পটিয়া বাসস্টেশন এলাকায় গাড়ির যাত্রী নামানোর সময় দরজার সেফটি পাইপ ভেঙে পড়ে চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত হেলপার  মো. আজাদ (১৫) পৌর সদরের ৫নং ওয়ার্ডের সাইফুল ইসলাম টিপুর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, রাতে বাসস্টেশন এলাকায় চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি মিনিবাস থেকে পড়ে গিয়ে ওই গাড়ির হেলপার পেছনের চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।