ভিভ রিচাডর্সের সাক্ষাৎকার নিলেন অ্যাঙ্কর কোহলি! (ভিডিও)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট মিশনে নামার আগে ভিন্ন পরিচয়ে হাজির হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অ্যাঙ্করের ভূমিকায় দেখা গেল সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে। সাক্ষাৎকার নিয়েছেন কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডসের।

কোহলি-ভিভের আলাপনের ভিডিও বিসিসিআই টিভির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সাক্ষাৎকারে ভিভকে কোহলির প্রথম প্রশ্ন, “আপনি যখন খেলতেন তখন কী কী চ্যালেঞ্জ আপনার সামনে আসত? নিজের ওপর এতটা আস্থা রাখতেন কীভাবে?”

জবাবে ভিভ বলেন, “সর্বোত্তমভাবে নিজেকে মেলে ধরতে চাইতাম। সব সময় ভাবতাম যে বিপক্ষকে টক্কর দেওয়ার ক্ষমতা আমার মধ্যে আছে। নিজের সেরাটা তুলে ধরতে চাইতাম। একই মনোভাব ও আবেগ কিছুটা তোমার মধ্যেও দেখি।”

ভিভের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল হেলমেট না পরে ব্যাটিং করা। যত গতির বোলারই হোক কখনো হেলমেট পরে ব্যাট করতে দেখা যায়নি তাকে। মেরুন রঙের ক্যাপ পরেই একের পর এক বাউন্সার সামনে বোলারদের শাসন করেছেন।

এটা কিভাবে সম্ভব? কোহলির এমন এক প্রশ্নে ভিভের জবাব, “আমি নিজেকে পুরুষ হিসেবে ভেবেছি। হয়তো এটা অহংকারী শোনাতে পারে। কিন্তু এভাবেই আমি খেলাটাকে দেখেছি।”

“হেলমেট পরতে আমি চেষ্টা করেছি। কিন্তু এটা আমার খুবই অস্বস্তি হতো। আমার মানসিকতাটা এমন ছিল যে, মাঠে নামার আগে ভাবতাম, খেলার জন্য আমি যথেষ্ট ভালো। আঘাত পেলেও সামলে নেব। আঘাত যদি লাগেই সেটা হবে ঈশ্বরের ইচ্ছায়।”