পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। ইতোমধ্যে পাইপলাইনটি স্থাপনের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ২২ ইঞ্চি ব্যাসের এ পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ টন তেল সরবরাহ করা যাবে। পঞ্চগড় জেলায় ৬৭ কিলোমিটার পেরিয়ে, ঠাকুরগাঁও অতিক্রম করে পাইপলাইনটি দিনাজপুর জেলার পার্বতীপুরে পৌঁছবে। পঞ্চগড়ে চলছে জমি অধিগ্রহণের কাজ। জমি অধিগ্রহণের জন্য সাড়ে চার হাজার প্লটের কাগজপত্র সংগ্রহ করেছে জেলা প্রশাসন। ৫২০ কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে ভারত ৩০৩ কোটি রুপি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ২১৭ কোটি টাকা এই পাইপ নির্মাণে যৌথভাবে ব্যয় করবে। এ পাইপলাইনের মোট দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার। এর মধ্যে ৫ কিমি রয়েছে ভারতে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মান্নান জানান, ইন্দো-বাংলা পাইপলাইনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকবার জরিপ হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণের জন্য তালিকা করা হচ্ছে।