নাম পাল্টাচ্ছে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের নাম বদলে ‘নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স’ করা হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষ (আইডিআরএ)। অনুমোদনের ফলে কোম্পানিটি অতিরিক্ত সাধারণ সভার (ইজিএমের) মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের রেজিস্ট্রারের অনুমোদন নিয়ে ইসলামী বীমা ব্যবসা করতে পারবে।

এদিকে কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের অর্ধবার্ষিকী (জানুয়ারি-জুন) হিসাবে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৮ পয়সা।

মুনাফা কমলেও কোম্পানিটির সম্পদের পরিমাণ বেড়েছে। চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ৬৪ পয়সা, আগের বছরে ছিল ২০ টাকা ২৪ পয়সা।