সড়ক দুর্ঘটনায় আহত এক ভারসাম্যহীন নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন শরীয়তপুর সদরের পালং মডেল থানার এসআই আতিয়ার রহমান। ৪২ বছর বয়সী ওই নারী শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। তিনি নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আংগারিয়া বাইপাস সড়কে মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। তখন মোটরসাইকেল চালকও আহত হন। হাসপাতালে আনা হলে এসআই আতিয়ার চিকিৎসাধীন ওই নারীর খোঁজখবর নেন এবং গত বুধবার কয়েকবার দেখতে যান। তাকে প্রয়োজনীয় ওষুধপত্র ও তিন সেট পোশাক কিনে দেন।
এসআই আতিয়ার বলেন, অসহায় আহত ভারসাম্যহীন নারীর আপন বলতে কাউকে পাওয়া যায়নি। তাই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছি। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেব।