নারায়ণগঞ্জের ইপিজেড এলাকা থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফরিদপুর যাচ্ছিলেন বাবা-ছেলে। পথে তাদের মোটরসাইকেলকে পাল্লা দিয়ে চলছিল একটি বাস। একপর্যায়ে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাবা-ছেলে ছিটকে পড়েন। এরপর ওই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান বাবা ইমারত হোসেন শেখ (৪৮)। ছেলে আবদুল হাদি ইমনকে (২০) গুরুতর অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের কুতুবখালী পকেট গেটে এ ঘটনা ঘটে। বাবা অফিস শেষে ছেলেকে নিয়ে ফরিদপুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
ইমারত হোসেন শেখ নারায়ণগঞ্জ ইপিজেড এলাকার ইয়েস্টার এক্সেসরিজ বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের স্টোর ইনচার্জ হিসেবে চাকরি করতেন। ছেলে আবদুল হাদি ইমন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনায় জড়িত বাসচালক শাহাদুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে। হোমনা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-জ-১৪-০৮৩৫) জব্দ করা হয়েছে।
উদ্ধারকারী রাসেল নামে এক পথচারী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি কুতুবখালী পকেট গেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেল চিটাগাং রোডের দিক থেকে ঢাকার ভেতরে ঢুকছিল। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে আরোহী দুজনেই ছিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস মোটরসাইকেল চালক ইমারতকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তাদের দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে ইমারতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।’ ইমারত হোসেন শেখের সহকর্মী মিজানুর রহমান বলেন, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে থাকতেন ইমারত হোসেন। আজ (গতকাল) নারায়ণগঞ্জের ইপিজেড এলাকায় তার অফিস শেষে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর শুনতে পান তারা দুজনেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। ইমনের অবস্থা গুরুতর নয়। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষ নিহত চার : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
নিহতরা হলেন মিনিবাস চালক বাবুল (২০), যাত্রী পঞ্চগড়ের চকলাইহাট এলাকার ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও শহরের আশ্রমপাড়ার মজিবর রহমান (৬০)। কামরুজ্জামান অগ্রণী ব্যাংকের মুন্সিরহাট শাখার কর্মকর্তা ছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নৈশকোচ সোনার বাংলার সঙ্গে মিনিবাস রাজু এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন, হাসপাতালে নেওয়ার পর আরও একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আরও জানান, বাস দুটি দ্রুতগামী হওয়ায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনা হবে।
শেরপুরে বাসচাপায় বৃদ্ধা নিহত : গতকাল দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় দুই বাসের চাপায় খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হন। খোদেজা সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের মৃত জয়নালের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের কর্মস্থল গাজীপুরে যাওয়ার উদ্দেশে নতুন বাস টার্মিনাল এলাকায় এসেছিলেন খোদেজা। এ সময় সোনার বাংলা নামের দুই বাসের ছায়ায় দাঁড়ালে হঠাৎ একটি বাস চালু করা হলে চাপা পড়ে তিনি মারা যান।
জামালপুরে যুবক নিহত : গতকাল বিকেলে মাদারগঞ্জের ভেলামারি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে রিপন মিয়া (৩৫) নামে একজন নিহত হন। সিএনজি অটোযাত্রী রিপন উপজেলার বাকুরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত তিন সিএনজি অটোযাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ডোমারে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত : নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় লতিবর রহমান (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে আবদুল কুদ্দুস (৩৫) আহত হন। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার হংসরাজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার বালাপাড়া ছাতনাই বালাপাড়া গ্রামে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান।