‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি নিহত হয়েছে। পুলিশ বলছে, গত বুধবার গভীর রাতের এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছে। নিহত এখলাছ উদ্দিনের (৩০) বিরুদ্ধে তিনটি ডাকাতি, দুটি মাদক ও একটি হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, এখলাছের নেতৃত্বে ডাকাতরা গত ২৭ জুলাই রাতে এক চালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায়। বুধবার রাত পৌনে ২টার দিকে গোপন সূত্রে পুলিশ খবর পায়, পাগলা থানা এলাকায় অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজন ডাকাত ও মাদক কারবারি অবস্থান করছে। জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি এখলাছকে আহত অবস্থায় পাওয়া যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।