প্রায় দুই বছর পর আবারও পাকিস্তানের মাঠে খেলতে যাবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। চলতি বছরের শেষ দিকে সীমিত ওভারের তিনটি ম্যাচ খেলতে দেশটিতে দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।
শুরুতে গুঞ্জন ছিল, পাকিস্তানের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যেতে পারে শ্রীলঙ্কা। এত বেশি সময়ের জন্য দল পাঠাতে রাজি নন ক্রীড়ামন্ত্রী হারিন ফের্নান্দো। শুক্রবার কলম্বোয় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা দুটি টেস্ট খেলার জন্য দল পাঠানোর পরিস্থিতিতে নেই। তবে ওডিআই বা টি-টোয়েন্টি খেলার জন্য আমরা প্রায় আট দিনের সফরে পাকিস্তানে যাব।”
এই সময়ে সরফরাজ আহমেদদের সঙ্গে সীমিত ওভারের তিনটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তবে এখনো সফর ও ম্যাচগুলোর দিন-তারিখ ঠিক করা হয়নি।
নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ফের্নান্দো বলেন, পাকিস্তান চাইলে সংযুক্ত আরব আমিরাতের মাঠে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ হতে পারে। ২০০৯ সাল থেকে ওই দেশেই পাকিস্তান তাদের বেশিরভাগ হোম সিরিজ খেলে আসছে।
২০০৯ সালের মার্চে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার জের ধরেই পাকিস্তানের মাটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে গিয়েছিল। গত এক দশকে দেশটির মাটিতে গুটিকয়েক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হলেও অনুষ্ঠিত হয়নি কোনো টেস্ট ম্যাচ।
হামলার শিকার হওয়ার পর ২০১৭ সালের অক্টোবরে প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। লাহোরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারা। কিন্তু ওই দলে শ্রীলঙ্কা দলের নিয়মিত মুখের অনেকেই ছিলেন না।