প্যারিসে গিয়ে নেইমারের বিষয়ে পিএসজির সঙ্গে আলোচনা করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ‘মার্কা’ জানিয়েছে, তারকা ফুটবলারের অতীত ইনজুরি বিষয়ক সব তথ্য উদ্ধার করতে চেষ্টা করছে ক্লাবটি।
দুই বছর আগে রীতিমতো হইচই ফেলে বিশ্বরেকর্ড সঙ্গী করে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যান নেইমার। সম্প্রতি ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে। নেইমার যেমন থাকতে চাচ্ছেন না, তেমনি পিএসজিও তাকে রাখতে চাচ্ছে না।
ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব পূরণ করতে রিয়াল নেইমারকে নিতে চায়। কিন্তু তার ইনজুরি প্রবণতা ক্লাবটিকে ভাবাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, ‘রিয়াল ইতিমধ্যে নেইমারের সব ইনজুরির তথ্য সংগ্রহ করেছে। কিন্তু বড় অঙ্কের অর্থ দিয়ে কেনার আগে তারা আরও নিশ্চিত হতে চায়।’
পিএসজি নেইমারকে ছেড়ে দিতে চায় সেটি কিছুদিন আগে বোঝা যায় ক্লাব মালিক নাসের আল-খেলাফির কথায়। ধর্ষণকাণ্ডের কথা উল্লেখ করে ফ্রেঞ্চ ফুটবলকে তিনি জানান, দলের সেরা খেলোয়াড়ের কাছ থেকে বাজে আচরণ আর সহ্য করবেন না।
নেইমারকে সতর্ক করে তিনি বলেন, ‘আমি শুধু সেই খেলোয়াড়কে দলে চাই, যে ক্লাবের জন্য সবকিছু দিতে রাজি।’
নেইমার প্যারিসের হোটেলে এক নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ থেকে অবশ্য রেহাই পেয়েছেন।