ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়া প্রিয়াঙ্কা চোপড়াকে শুভেচ্ছাদূত থেকে না সরানোর ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক প্রিয়াঙ্কার মন্তব্যকে ‘ব্যক্তিগত ব্যাপার’ বলেছেন।
ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে ভারতের হামলা সমর্থনের পর প্রিয়াঙ্কার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে। বিমানবাহিনীর বালাকোট হামলার পর প্রিয়াঙ্কা ‘জয় হিন্দ’ লিখে টুইট করেন।
সম্প্রতি পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী ইউনিসেফকে চিঠি লিখে শুভেচ্ছাদূতের পদ থেকে প্রিয়াঙ্কাকে সরানোর আহ্বান জানান।
সংস্থার নিয়মিত ব্রিফিংয়ে প্রিয়াঙ্কার বিষয়ে দুজারিকের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি উত্তর দেন এভাবে, ‘প্রিয়াঙ্কা চোপড়া কিংবা যেকোনো শুভেচ্ছাদূতের ক্ষেত্রে আমরা আশা করি তারা সংস্থার নিয়ম মেনে নিরপেক্ষ অবস্থানে থাকবেন। কিন্তু ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে তারা কথা বলার অধিকার রাখেন। তাদের ব্যক্তিগত মতামত সংস্থার নীতিমালায় কোনো প্রভাব ফেলবে না।’
কিছুদিন আগে আমেরিকায় একটি বিউটি ইভেন্টে আয়েশা মালিক নামে এক পাকিস্তানি নারী প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে ‘ভণ্ড’ বলেন, ‘আপনার মুখে মানবতার কথা শোনা কষ্টকর। কারণ প্রতিবেশী পাকিস্তানি হওয়ার কারণে আমি জানি, আপনি ভণ্ড।’
টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে আয়েশাকে বলতে শোনা যায়, ‘২৬ ফেব্রুয়ারি জয় হিন্দ, ইন্ডিয়ান আর্মি ফোর্সেস লিখে পোস্ট করেন। এই সেøাগান সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়।’ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে প্রিয়াঙ্কা নিজেকে খানিকটা সামলে বলেন, ‘যুদ্ধ এমন একটা বিষয়, যা আমি পছন্দ করি না। কিন্তু আমি একজন দেশপ্রেমিক।’
‘যাই হোক আপনি বিষয়টি বলেছেনৃঠিক আছে? শান্ত হোন। পাকিস্তানে আমার অনেক ভক্ত আছে। সুতরাং যদি কাউকে আঘাত করে থাকি তবে দুঃখিত। আমি মনে করি আমাদের সবার সামনেই মধ্যপন্থা আছে, সেটিই আমাদের অবলম্বন করা উচিত।’