কুমিল্লায় গতকাল শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থী মারা গেছে। অপরদিকে দিনাজপুরের পার্বতীপুরে রেললাইন থেকে গতকাল এবং আগের দিন বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হয়েছে ট্রেনে কাটা দুজনের মরদেহ।
কুমিল্লায় নিহতরা হলো সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৪)। আদিত্য নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং সেতু রায় রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় রেলসেতুর দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বদরপুর এলাকা অতিক্রম করার সময় দুই শিক্ষার্থী ওই ট্রেনে কাটা পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিসবাহুল আলম চৌধুরী জানান, বিকেলে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ট্রেনে কাটা দুই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় পার্বতীপুর-ফুলবাড়ী রেল রুটে হলদীবাড়ী রেলপথ থেকে ট্রেনে কাটা আনুমানিক ৪০ বছরের এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া গত বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে থানার ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে ১ নম্বর লাইনে খুলনা থেকে ছেড়ে আসা ৭২৭ নম্বর আপ আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া আনুমানিক ৫৫ বছরের এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান, ট্রেনে কাটা দুই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।