সাভারের আশুলিয়ার ধলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজের ৭ দিন পর আইটি কর্মকর্তা নাফিউল ইসলাম নয়নের ভাসমান মরদেহ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে ধলাই বিলের কন্ডা এলাকা থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। গত ১৬ আগস্ট ধলাই বিলের কন্ডা ব্রিজ এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হন বেসরকারি মিতালী
গ্রুপের কর্মকর্তা নয়ন।
নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে ঘুরতে যান নয়ন। পরে ধলাই বিলে গোসল করতে নেমে তিন বন্ধুকে স্রোতে ভেসে যেতে দেখে নয়ন তাদের উদ্ধারে এগিয়ে যান। এ সময় ওই তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও নয়ন নিখোঁজ হন। ওইদিন রাত থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও টঙ্গীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালান।
নয়ন গাজীপুর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার কাবিল উদ্দিনের ছেলে। তিনি মিতালী গ্রুপের একটি কারখানায় এইচআর, অ্যাডমিন অ্যান্ড সিএসআর বিভাগের ইনফরমেশন টেকনোলজি (আইটি) শাখায় অফিসার পদে চাকরি করতেন।
আশুলিয়া থানার এসআই বিজন কুমার দাস বলেন, সুরতহাল শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।