আক্রমণাত্মক ছকে শ্রীলঙ্কাকে ঘায়েলের পরিকল্পনা

ভারতের কল্যাণীতে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বাংলাদেশ পেয়েছে উড়ন্ত সূচনা। ভুটানকে ৫-২ গোলে হারিয়ে শুরু করেছে নিজেদের মিশন। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলার কথা জানিয়েছেন কিশোরদের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়।

পাঁচ দলের আসরটি হচ্ছে রাউন্ড রবিন লিগ ভিত্তির। লিগ পর্ব শেষে সেরা দুটি দল খেলবে ফাইনাল। এখন পর্যন্ত চারটি করে দলের তিন পয়েন্ট করে। ভারত ও বাংলাদেশ একটি করে ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়ে সেরা দুই অবস্থানে। শ্রীলঙ্কা ও নেপাল দুটি করে ম্যাচ খেলে পেয়েছে ৩ পয়েন্ট।

লঙ্কানরা নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-২ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরেছে ০-২ গোলে। শুক্রবার এই ম্যাচটি মাঠে বসে দেখেছেন বাংলাদেশ কোচ আনোয়ার পারভেজ।

সে অনুযায়ীই করছেন পরিকল্পনা, ‘নেপালের সাথে শ্রীলঙ্কার ম্যাচটা দেখেছি। তাদের গেম ট্যাকটিস, দুর্বলতা, শক্তি থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। সে অনুযায়ী আমরা কাজ করছি এবং আমাদের টিমের শক্তি ও দুর্বলতার ওপর ভিত্তিকরেই আগামীকালের ম্যাচটা খেলার চেষ্টা করব।’

প্রথম ম্যাচ প্রচণ্ড গরমে খেলতে হয়েছে। তবে শনিবার বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। বাংলাদেশ কোচ অবশ্য গরমকে তেমন বড় প্রতিবন্ধকতা মানতে চান না, ‘আসলে গরম থাকলে সেটা দুই দলের জন্যই থাকে। বৃষ্টি থাকলেও তাই। গরমে দুই দলের খেলতে কষ্ট হয়েছে। যদি আজকের মতো আবহাওয়া থাকে, তাহলে খেলোয়াড়দের খেলতে কম কষ্ট হবে। দুই দলেরই খেলতে সুবিধা হবে।’

এরপরই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে বলতে গিয়ে জানিয়ে দিলেন, ‘অবশ্যই আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব।’ ২৭ আগস্ট নেপাল ও ২৯ আগস্ট ভারতের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোররা।