বরগুনায় ভাড়ানী খাল রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরগুনা জেলা শহরের প্রাণ ভাড়ানী খাল দখল করে গড়ে ওঠা পাকা, আধা পাকা ও কাঠের তৈরি অবৈধ ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ১৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন প্রমুখ।

বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, নদ-নদী সুরক্ষাসহ মহামান্য হাইকোর্টের নির্দেশনায় বরগুনায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য অনেক আগে থেকেই প্রশাসন জানিয়েছিল। অবৈধ দখলদাররা এ বিষয়ে কর্ণপাত না করায় প্রশাসন উচ্ছেদ করতে বাধ্য হয়েছে।