ফরিদপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ধুলদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। আহত ২০ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদপুর প্রতিনিধি আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গোপালগঞ্জের হাবিবুর রহমান ও ফারুক হোসেন। কোতোয়ালি থানার ওসি এফ এম নাছিম জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের পাটগাতীগামী ‘কমফোর্ট লাইন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধুলদি এলাকার সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলও খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত ২২ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক শওকত আলী জোদ্দার জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।
ফরিদপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, দ্রুতগতির বাসটি সেতুতে ওঠার পর একটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে বাস ও মোটরসাইকেলটি নিচে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সদর আসনের সংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন হাসপাতাল কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান তার এপিএস এইচ এম ফোয়াদ। তিনি বলেন, ‘আহতদের রক্তের প্রয়োজন হতে পারে। সে জন্য ছাত্রলীগের কর্মীদের রাখা হয়েছে। এছাড়াও মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব ও সন্ধানী ডোনার ক্লাবের কর্মীদের রাখা হয়েছে।’ আহতদের চিকিৎসা ব্যয় স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্র্তৃপক্ষ বহন করবে বলে জানান জেলা প্রশাসক অতুল সরকার।
এছাড়া গতকাল দুপুরে ফরিদপুরের নগরকান্দায় বাসের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এদিন বগুড়ার শিবগঞ্জে বাস উল্টে সেনা সদস্য, দিনাজপুরের হাকিমপুরে মোটরসাইকেলের ধাকায় ট্রাক শ্রমিক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বাসের সংঘর্ষে যুবক, গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় যুবক, ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস চাপায় পথচারী মারা গেছেন। আগের রাতে নেত্রকোনার পূর্বধলায় ইজিবাইক চাপায় এক শিশু নিহতের খবর পাওয়া গেছে।
বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
নগরকান্দায় বাসের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ : উপজেলার তালমা এলাকায় বাসের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রেশমা বেগম (৩০), তার ছেলে রাজু (১০) ও আবুল সিকদার। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন জানান, ফরিদপুর মিনিবাস মালিক সমিতির লোকাল বাসটি পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশাযাত্রী রেশমা ও তার ছেলে রাজু ঘটনাস্থলেই মারা যান। পথচারী আবুল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
শিবগঞ্জে বাস উল্টে সেনা নিহত : উপজেলার রহবল নামক স্থানে বাস উল্টে আবদুল আজিজ (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের নুরুল হুদার মাস্টারের ছেলে আজিজ বান্দরবান সেনানিবাসে সার্জেন্ট হিসেবে ছিলেন। এ ঘটনায় আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্বধলায় ইজিবাইক চাপায় শিশু নিহত : গত শুক্রবার রাতে উপজেলার মোসা মার্কেট এলাকায় ইজিবাইক চাপায় পড়ে মোফাসিরা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, মায়ের সঙ্গে বাজার করতে এসে রাস্তা পারাপারের সময় পূর্বধলা থেকে হোগলাগামী একটি ইজিবাইকের চাপায় শিশুটি প্রাণ হারায়।
ঠাকুরগাঁওয়ে বাসযাত্রী নিহত : সকাল ৬টার দিকে সদর উপজেলার বি-আখড়া নামকস্থানে তাজ পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহত ইউসুফ আলী (৪৫) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে নয়জন জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সিদ্ধিরগঞ্জে দুই বাসের সংঘর্ষে যুবক নিহত : সিদ্ধিরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মেহেদী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সকালে উপজেলার গোদনাইল বার্মাশিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুরন্ত পরিবহনের একটি মিনিবাস নারায়ণগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নিট কনসার্ন পোশাক কারখানার স্টাফ বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুরন্ত বাসচালক মেহেদি মারা যান।
ভালুকায় মাইক্রো চাপায় নিহত ১ : সকালে উপজেলার ধামশুর কনজিউমার নিটেক্স মিলের সামনে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় ইন্তাজ আলী (৪২) নামে একজন নিহত হন। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণউল্লাহ গ্রামের বাসিন্দা।
হাকিমপুরে ট্রাক শ্রমিক নিহত : উপজেলার কলেজ রোড এলাকায় দুপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক ট্রাক শ্রমিক নিহত হন। উপজেলার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা নজরুল স্থানীয় ট্রাক বন্দোবস্তকারী অফিসে কাজ করতেন।
শ্রীপুরে ট্রাকচাপায় চা দোকানি নিহত : বিকেলে উপজেলার জৈনা বাজার এলাকায় ট্রাকচাপায় ছাত্তার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি বরিশালে। তিনি জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে একটি চায়ের দোকান চালাতেন। পাশাপাশি ভ্যানগাড়িও চালাতেন। মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।