জঙ্গিদের পৃষ্ঠপোষকতা অবশ্যই বন্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিচ্ছন্ন ও সুন্দর করতে অবশ্যই রাজনীতিতে জঙ্গি ও খুনিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “রাজনীতিকে কলুষিত করার জন্য দায়ী ‘রাজনীতিকদের জঙ্গি লালন ও খুনিদের আশ্রয় দান।’ বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এ ধরনের রাজনীতি সম্ভব নয়। অন্য কোনো দেশে এমন ক্রিমিনাল রেকর্ডের রাজনীতিকদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হয় ।”

গতকাল শনিবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান বিএনপিকে খুনিদের রাজনৈতিক মঞ্চ উল্লেখ করে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার মাধ্যমে ক্ষমতা কব্জা করেছেন এবং এমনকি ক্ষমতায় আসার পরও তার হত্যার খেলা অব্যাহত ছিল। শত শত সেনা কর্মকর্তা তার নৃশংসতার শিকার হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে সবকিছু জানতেন এবং তার ছেলে তারেক জিয়া এই হামলার সঙ্গে সরাসরি জড়িত। এই গ্রেনেড হামলার পর খালেদা জিয়ার সরকারের অবস্থান পরিষ্কার হয়ে যায়।