জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত

জকিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস শহীদ ওরফে ফুলু (২৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, গত শুক্রবার গভীর রাতে উপজেলার মরিচা গ্রামে এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে ফুলুর বিরুদ্ধে ডাকাতির মামলা ছিল।

গতকাল সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১টার দিকে মরিচা গ্রামের প্রবাসী আব্দুল করিমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল লোক জড়ো হয়। খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসেরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। মরিচা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ ফুলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি ছোরা ও একটি দরজা ভাঙার রড উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুলুর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে।