স্কারলেটের এক বছরের পারিশ্রমিক ৪৬৫ কোটি

হলিউডের সবচেয়ে আবেদনময়ী তারকা স্কারলেট জোহানসনের বৃহস্পতি এখন তুঙ্গে। কিছুদিন আগেই বিশ^বিখ্যাত ভোগ ম্যাগাজিনের জরিপে টানা তৃতীয়বারের মতো বিশে^র সবচেয়ে আবেদনময়ী নারীর তকমা পেয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। ইন্টারনেটে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়। শুধু তা-ই নয়, তার সিনেমা সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়। দর্শক তার সিনেমা দেখতে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে ভিড় করে। এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে স্কারলেট জোহানসন তার পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। তাই তো অভিনয় করে কাড়ি কাড়ি ডলার অ্যাকাউন্টে ভরার দিক দিয়ে শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো এক নম্বরে আছেন জোহানসন। মার্কিন ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস এটি প্রকাশ করেছে। স্কারলেট ২০১৮ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত আয় করেছেন ৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ ৪৬৪ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা! আগের বছরের চেয়ে তার পারিশ্রমিক বেড়েছে ১ কোটি ৫৫ লাখ ডলার। এর পেছনে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ সিনেমার অভাবনীয় সাফল্য। এতে ব্ল্যাক উইডো চরিত্রে দেখা গেছে তাকে। ৩৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীর হাতে এখন আছে মার্ভেল স্টুডিওর আরেক সিনেমা ‘ব্ল্যাক উইডো’।

ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় দুই নম্বরে আছেন মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’র অভিনেত্রী সোফিয়া ভারগারা। এবার শীর্ষ দশ অভিনেত্রীর প্রায় সবাই দুই কোটি ডলারের বেশি পারিশ্রমিক পেয়েছেন। তাদের সম্মিলিত রোজগারের অঙ্কটা হলো ৩১ কোটি ৪৬ লাখ ডলার, গতবারের চেয়ে যা ৬৯ শতাংশ বেশি। গত বছর শুধু স্কারলেট জোহানসন ও অ্যাঞ্জেলিনা জোলি দুই কোটি ডলারের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। তবে এবার জোলি সেরা দশে নেই। তার মতোই গতবার শীর্ষ দশে থাকলেও এবার ছিটকে যাওয়াদের দলে আরও আছেন মিলা কুনিস, জুলিয়া রবার্টস, কেট ব্ল্যানচেট, মেলিসা ম্যাককার্থি ও গল গ্যাডট।

 

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীরা

১. স্কারলেট জোহানসন (৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার)

২. সোফিয়া ভারগারা (৪ কোটি ৪১ লাখ ডলার)

৩. রিস উইদারস্পুন (৩ কোটি ৫০ লাখ ডলার)

৪. নিকোল কিডম্যান (৩ কোটি ৪০ লাখ ডলার)

৫. জেনিফার অ্যানিস্টন (২ কোটি ৮০ লাখ ডলার)

৬. ক্যালি কুকো (২ কোটি ৫০ লাখ ডলার)

৭. এলিজাবেথ মস (২ কোটি ৪০ লাখ ডলার)

৮. মার্গট রবি (২ কোটি ৩৫ লাখ ডলার)

৯. শার্লিজ থেরন (২ কোটি ৩০ লাখ ডলার)

১০. এলেন পম্পেও (২ কোটি ২০ লাখ ডলার)