সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদর আসনের এমপি লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হীরু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকা- শুরু করেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আশির দশক থেকেই এসব উন্নয়ন শুরু হয়ে যেত। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়নকে হত্যা করেছে। কিন্তু আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারেনি। গণমানুষের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ঠিকই কাজ করে যাচ্ছেন। তাই সারা বিশ্বে এখন শেখ হাসিনার জয়-জয়কার।
গতকাল দুপুরে নরসিংদীর মাধবদীতে মাধবদী শহর আওয়ামী লীগ ও সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অসহায়, গরিব ও দরিদ্রের মাঝে খাবার বিতরণ করা হয়।