বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) নির্বাহী পরিচালক সু উই-চিয়েহ গতকাল এফবিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠকের সময় এ আগ্রহ দেখান। এসবিএফের ১১ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছে। এই সফরে তারা বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে। এফবিসিসিআই এবং এসবিএফের যৌথ উদ্যোগে স্থানীয় এক হোটেলে ‘সিঙ্গাপুর-বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিং’ অনুষ্ঠানে এসব আলোচনা হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সহজ বিনিয়োগ সুবিধা রয়েছে জানিয়ে  তিনি সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে এফবিসিসিআইয়ের করপোরেট সদস্য হওয়ার আহ্বান জানান।

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ১৪৯ দশমিক ৩৪ মিলিয়ন ডলারের পণ্য সিঙ্গাপুরে রপ্তানি করেছে। সিঙ্গাপুর থেকে আমদানি করেছে ২ হাজার ২৮৬ মিলিয়ন ডলারের পণ্য। সিঙ্গাপুরে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, কৃষিপণ্য, প্রকৌশল পণ্য, হোম টেক্সটাইল। আর সিঙ্গাপুর থেকে মূলত মেশিনারি সামগ্রী এবং রাসায়নিক ও  খনিজ পণ্য আমদানি করা হয়।