চিনিশিল্পে দুর্নীতিবাজদের অপসারণের সুপারিশ

চিনিশিল্পে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী থাকলে তাদের দ্রুত অপসারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া চিনিশিল্পে কাজ বন্ধ থাকলে ওভারটাইম ভাতা বন্ধ করতে এবং পর্যায়ক্রমে টেকনিক্যাল জনবল নিয়োগের সুপারিশর করে কমিটি।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ ছাড়া বন্ধ সার কারখানাগুলো চালু করতে এবং চিনিশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সচিবসহ সবাইকে একযোগে কাজ করার সুপারিশ করে কমিটি।

বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চলমান ১৩টি বাফার গোডাউন নির্মাণের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া কর্ণফুলী পেপার মিল, বিসিকের প্লাস্টিক স্টেট, বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প, মুদ্রণ শিল্প নগরী প্রকল্প বাস্তবায়ন এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।