গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি

গোপালগঞ্জ-ঢাকা রুটে বেআইনিভাবে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জের সাধারণ জনগণের ব্যানারে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু ও বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লাসহ অন্যরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১৪৮ কিলোমিটার। প্রতিদিন অন্তত ১ হাজার যাত্রী গোপালগঞ্জ থেকে ঢাকা আসা-যাওয়া করেন। ২০১৮ সালের জুলাই মাসে কোনো কারণ ছাড়াই এই রুটে ভাড়া বাড়িয়ে ৩০০ থেকে ৩৫০ টাকা করা হয়। ২০১৯ সালের ২০ আগস্ট গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া ৩৫০ টাকার স্থলে ৪০০ টাকা নির্ধারণ করা হয়। এ রুটের বাসে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতকরা ৪৫ ভাগ শিক্ষার্থী ঢাকা ও আশপাশের জেলা থেকে যাতায়াত করেন।

স্মারকলিপিতে অবিলম্বে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃক কিলোমিটারপ্রতি নির্ধারিত ভাড়া অনুযায়ী গোপালগঞ্জ-ঢাকা রুটের বাস ভাড়া নির্ধারণ এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক দিয়ে বাস পরিচালনা করার দাবি জানানো হয়।