রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে দুই জায়গাতেই নতুন ডেঙ্গু রোগী বেড়েছে। দেশের ৫৩টি হাসপাতাল থেকে ডেঙ্গুর কারণে এ পর্যন্ত ১৬৯ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ৮০টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে ৪৭ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এদিকে ডেঙ্গুতে সারা দেশে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গণমাধ্যমে আসা মৃত্যুর তথ্যগুলোও আইইডিসিআর পর্যালোচনা করছে। সব হাসপাতাল থেকে তথ্য পেতে আমাদের দেরি হয়ে যায়। তারপর রোগীর রক্ত নমুনা পরীক্ষার পর আমরা নিশ্চিত হয়ে বলতে পারি, তিনি ডেঙ্গুতে মারা গেছেন কি না। আইইডিসিআরও পরিবারের কাছ থেকে তথ্য নেয়। তবে আমাদের যে হটলাইন নাম্বার আছে একটা, তাতে মৃত্যুর কোনো তথ্য আসেনি।’ তিনি আরও বলেন, ‘সব বিভাগের মধ্যে বরিশালে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। আইইডিসিআর সেখানে এপিডেমিকাল ও এন্টোমোলোজিকাল সার্ভে করছে।’
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ২৯৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ১২০ জন বেশি। ওইদিন ভর্তি হয়েছিল ১ হাজার ১৭৯ জন। এ বছর গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৩ হাজার ৫১৪ জন। ইতোমধ্যে ৫৭ হাজার ৪০৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। এখনো ভর্তি রয়েছে ৫ হাজার ৯৪০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৩ হাজার ২৬৮ ও ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগে ২ হাজার ৬৭২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা শহরে ভর্তি হয়েছে ৬০৭ এবং ঢাকা শহরের বাইরে ঢাকা ও অন্যান্য বিভাগে ৬৯২ জন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা যথাক্রমে ৫৭০ ও ৬০৯ জন ছিল। সে হিসাবে ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই নতুন ডেঙ্গু রোগী বেড়েছে। আর চলতি মাসের ২৫ দিনে মোট আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৫৩ জন।
ঢাকার হাসপাতালগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ৯৬ এবং বর্তমানে ভর্তি রোগী ৪৯৬ জন, মিটফোর্ড হাসপাতালে নতুন ভর্তি ৯৪ এবং ভর্তি রয়েছে ৩৮৯ জন, শিশু হাসপাতালে নতুন ভর্তি ১৮ ও মোট ভর্তি ৮৬ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন ভর্তি ৪৫ ও মোট ভর্তি ৩০৩ জন, বিএসএমএমইউতে নতুন ৩০ ও মোট ভর্তি ১৬৭ জন, মুগদা মেডিকেলে নতুন ৫৭ ও মোট ভর্তি ৩০৬ জন, কুর্মিটোলা হাসপাতালে নতুন ৬০ ও মোট ভর্তি ২২৩ জন, সিএমএইচে নতুন ১১ ও মোট ১১৯ জন।
ঢাকা শহরের বাইরে ও অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় নতুন ভর্তি হয়েছে ১৭৪ ও মোট ভর্তি ৬৮৩ জন, চট্টগ্রামে নতুন ৮৪ ও মোট ভর্তি ৪১৪ জন, খুলনায় নতুন ১৬৬ ও মোট ভর্তি ৬৫৪ জন, রংপুরে নতুন ২৮ ও মোট ভর্তি ১০৭ জন, রাজশাহীতে নতুন ৭৮ ও মোট ২৪৬ জন, বরিশালে নতুন ১২৬ ও মোট ভর্তি ৩৭৩ জন, সিলেটে নতুন ১০ ও মোট ভর্তি ৩৩ জন এবং ময়মনসিংহে নতুন ভর্তি হয়েছে ২৬ এবং বর্তমানে ভর্তি রয়েছে ১৬২ জন।
আরও চারজনের মৃত্যু : আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে এক শিশু রয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে মাহফুজা আক্তার (১০) নামে এক শিশু গতকাল সকালে মারা যায়। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাড়িলা গ্রামের আবুল মনসুরের মেয়ে মাহফুজাকে গুরুতর অবস্থায় গতকালই ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পাবনার সাঁথিয়া উপজেলায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে জীবন নাহার রতœা (৩৫) নামে এক স্কুলশিক্ষিকা গতকাল মারা গেছেন। রতœা সাঁথিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং সাঁথিয়া পৌরসভাধীন নওয়ানী গ্রামের বাসিন্দা ও পৌরসভার কাউন্সিলর রাকিবুল ইসলাম রকিবের স্ত্রী।
মাদারীপুরের শিবচর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুমি উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকার আনোয়ার ফকিরের স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফজলুর রহমান (৫৫) নামে এক ডেঙ্গু রোগী শনিবার গভীর রাতে মারা যান। গোপালগঞ্জ সদর উপজেলার চরকহলপুর গ্রামের ইনজাহের মোল্লার ছেলে ফজলুর রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন। শুক্রবার তিনি ওই হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।