সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আমীর খসরুসহ ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

চার বছর আগে চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পুলিশের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদসহ বিএনপি ও জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে। সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের বিচারক মো. আবদুল হালিমের আদালতে গতকাল রবিবার এ চার্জ গঠন করা হয়। বহুল আলোচিত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি

বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার নাসিমন ভবনের সামনে সমাবেশ ডেকেছিল ২০-দলীয় জোট। সমাবেশ চলাকালে ওইদিন পুলিশের সঙ্গে জোটের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরীসহ ৩০২ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনের ধারায় সিএমপির কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পিপি ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি মনোরঞ্জন দাশ দেশ রূপান্তরকে বলেন, মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ৪ জুলাই আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনের তিনটি ধারায় পৃথক তিনটি চার্জশিট দাখিল করে। ওই বছর ৯ সেপ্টেম্বর আদালত চার্জশিট গ্রহণ করে। রবিবার চার্জ গঠনের পূর্বনির্ধারিত তারিখে শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং আগামী ২২ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। তিনি জানান, চার্জ গঠনকালে মামলার আসামিদের মধ্যে সবাই আদালতে হাজির ছিলেন।

প্রসঙ্গত, এ মামলায় আমীর খসরু মাহমুদ ছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম, উত্তর জেলা সভাপতি আসলাম চৌধুরী, জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর নামে চার্জশিট দেওয়া হয়।