ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে ওই বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ওই শিক্ষককে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করা রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল রবিবার এ রায় দেয় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী সিমন্তী আহমেদ।
জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানান, অধ্যাপক রুশদ ফরিদীকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। তিনি এখন ওই বিভাগে সরাসরি যোগদান করবেন।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কেবল ভাইস চ্যান্সেলর (ভিসি) কাউকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারেন। যাকে ছুটিতে পাঠানো হবে তিনি চাইলে আপিল করতে পারবেন। তবে কাউকে বাধ্যতামূলকভাবে দীর্ঘ দিনের ছুটিতে পাঠানোর এখতিয়ার বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের নেই।
২০১৭ সালের ১২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এক সিদ্ধান্তে অধ্যাপক রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। চিঠির মাধ্যমে তাকে জানানো হয়, ওই সময় থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হলো। পাশাপাশি বিভাগীয় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে তাকে বিরত থাকতে বলা হয়।
পরে ১৬ জুলাই সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি নোটিস পাঠান রুশদ ফরিদী। নোটিসের জবাব না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। ওই বছরের ২৪ জুলাই রুল জারি করে হাইকোর্ট।