ব্রাহ্মণবাড়িয়ায় দুই নেতাকে মারধর, মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লার বিরুদ্ধে সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি শাহারুল ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। গত রবিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।

সুহিলপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সহসভাপতি আজাদ হাজারী আঙ্গুর জানান, তিনিসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহরুল, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার আরও কয়েকজন মিলে সম্প্রতি গ্যাস ফিল্ডের একটি ঠিকাদারি কাজ পেয়েছেন। এই কাজ শুরু করার জন্য কাজী শাহরুল ও তার কাছে চাঁদা দাবি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ। চাঁদা না দিলে কাজ করতে পারবেন না বলে মাসুম বিল্লাহ হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে রবিবার সন্ধ্যায় ঘাটুরা এলাকায় মহসিন খন্দকারের বাড়িতে বৈঠকে বসার কথা ছিল। ওই বৈঠকে মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা হামলা চালিয়ে কাজী শাহরুল ও মহসিন খন্দকারকে মারধর করেন।

এর প্রতিবাদে ইউপি চেয়ারম্যান আঙ্গুর হাজারীর নেতৃত্বে এলাকাবাসী মাসুম বিল্লাহর গ্রেপ্তার দাবিতে রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় বিক্ষোভ ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

ঘটনার ব্যাপারে জানতে মাসুম বিল্লাহকে একাধিকবার কল দিয়ে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।