শহরের ঝিলটুলীতে হতদরিদ্র এক বৃদ্ধ দম্পতিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে তাদের সর্বস্ব। শেষ আশ্রয়স্থল হারিয়ে ওই দম্পতির ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।
জানা যায়, ঝিলটুলী মহল্লার আবদুল করিম মিয়া সড়কের মরহুম আবদুর রাজ্জাকের একটি টিনের ঘর রয়েছে। জরাজীর্ণ ওই টিনের ঘরে বসবাস করতেন প্রবীণ রিকশাচালক আবদুল মজিদ শেখ (৭৭) ও তার স্ত্রী ওসিরন নেসা বিবি (৭২)। উপার্জনে অক্ষম নিঃসন্তান ওই দম্পতি পরিচিতজনদের সাহায্য-সহযোগিতায় জীবন-জীবিকা চালাতেন। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তাদের সামান্য কিছুই অবশিষ্ট রয়েছে। সাহায্যবাবদ পাওয়া শাড়ি ও কাপড়গুলো কিছু অক্ষত রয়েছে। কয়েকটি অর্ধেক পোড়া। তাদের সঙ্গে থাকা দুটি বিড়াল-ছানা পুড়ে মরেছে।
মজিদ শেখ বলেন, ‘ওই জমিতে মার্কেট করার জন্য শত্রুরা ঘরে আগুন দিছে। আমাগো মারতে পারে নাই তয় বিলাই দুইড্যা পুইড়্যা মরলো।’
ফরিদপুরের ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নুরুল আলম দুলাল জানান, রাত ২টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ সংযোগবিহীন ওই ঘরে কীভাবে আগুনের সূত্রপাত সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।