বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের হানা

নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হটলাইনে (‘১০৬’ নম্বর) ভুক্তভোগীর ফোন পেয়ে গতকাল শহরের খারদ্বার এলাকার পাসপোর্ট অফিসে অভিযানে যায় সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে পাসপোর্ট অফিসে অভিযানকালে নানা অনিয়মের প্রমাণ পায় তারা। এ সময় মকছুদ আলী আকুঞ্জি (৫৮) নামে এক দালালকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পাসপোর্ট অফিসের পরিচ্ছন্নতাকর্মী মোস্তাফিজুর রহমান, আনসার সদস্য মিজানুর রহমান ও আল মামুনের বিরুদ্ধে দালালদের সঙ্গে যোগসাজশে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধভাবে অর্থগ্রহণের সত্যতা পায় দুদক। তরুণ কান্তি বলেন, অনিয়মের দায়ে অভিযুক্ত পাসপোর্ট অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে সাতদিনের মধ্যে দুদককে জানাতে বলা হয়েছে। এ সময় দুদুকের খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পাল, সহকারী পরিদর্শক শ্যামল চন্দ্র সেন প্রমুখ উপস্থিত ছিলেন।